আট মাসেই দেশ ধ্বংস করে দিয়েছে সরকার: গোলাম পরওয়ার | ছবি: সংগৃহীত
আট মাসেই সরকার দেশ ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি অভিযোগ করেছেন, আওয়ামী লীগের শাসনামলে যে ধরনের কর্মকাণ্ড চলেছে, বর্তমানে ছাত্রদল ও যুবদলও একই পথে হাঁটছে। শুধু নাম পরিবর্তন হয়েছে, চরিত্রের পরিবর্তন হয়নি। শনিবার রাতে যশোরের মুড়ালী মোড়ে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি। মিয়া গোলাম পরওয়ার বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারি এবং সার, গ্যাস ও বিদ্যুতের সংকট তৈরি হয়েছে। ১০ বছরেও যা হয়নি, এই সরকার মাত্র আট মাসেই দেশকে ধ্বংস করে দিয়েছে। বিএনপির সমালোচনা করে তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি এবং গণভোটের রায় বাস্তবায়নে সরকার ব্যর্থ হয়েছে। প্রধানমন্ত্রী নিজেও গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার প্রচারণা চালিয়েছেন। অথচ ভোটের পর এখন সেই রায় অস্বীকার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বিরোধী দলের লংমার্চ নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের জবাবে গোলাম পরওয়ার বলেন, সাত-আট মাসে জনগণের সঙ্গে এবং গণভোটের রায়ের সঙ্গে কী ঘটেছে, সেটিও সরকারকে ব্যাখ্যা করতে হবে। তিনি আরও বলেন, ১১ দল এখনো নিয়মতান্ত্রিক ও সুশৃঙ্খল আন্দোলন করছে। জনমত তৈরি করে জনগণকে গণভোটের রায় বাস্তবায়নের বিষয়ে সচেতন করা হবে। কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড কর্মসূচির সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, এসব কার্ড দিয়ে সরকার নিজেদের শক্তি মনে করলেও জনগণের হাতে রয়েছে লাল কার্ড। আগামী ৯ তারিখের সংসদ অধিবেশনে গণভোট ও সংবিধান সংস্কারের প্রস্তাব বাস্তবায়নে আলোচনার আহ্বান জানান তিনি। রাজনৈতিক সংকট ও সংঘাত এড়িয়ে সংসদেই সমস্যার সমাধান করার আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার।