গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চার লংমার্চের কর্মসূচি | ছবি: সংগৃহীত
গণভোটের রায় বাস্তবায়ন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঘোষিত লংমার্চ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।সোমবার রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ‘লংমার্চ’ বাস্তবায়ন কমিটির এক বৈঠকে এ আহ্বান জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। সভায় জানানো হয়, ১১ দলীয় ঐক্যের পূর্বঘোষণা অনুযায়ী দেশব্যাপী চারটি লংমার্চের কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মসূচির প্রথমটি আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অভিমুখে অনুষ্ঠিত হবে। এরপর ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর, ১০ অক্টোবর ঢাকা-খুলনা এবং ২৪ অক্টোবর ঢাকা-সিলেট লংমার্চ অনুষ্ঠিত হবে। এর মধ্যে চট্টগ্রাম, রংপুর ও খুলনার কর্মসূচি সড়কপথে এবং সিলেটের লংমার্চ রেলপথে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। লংমার্চ কর্মসূচি শেষে আগামী ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা রয়েছে। বৈঠকে কর্মসূচিগুলো শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন কমিটি গঠন এবং দায়িত্ব বণ্টন করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণকে কর্মসূচি সফল করতে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। সভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেলসহ সংশ্লিষ্ট দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, ঘোষিত কর্মসূচিগুলো শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের মাধ্যমে তাদের রাজনৈতিক দাবিগুলো জনগণের সামনে তুলে ধরা হবে।