প্রকাশ: ... | ... | ...

জাসদ কার্যালয় থেকে আটক ২৭৮ জনের ২৪৯ জনকে ছেড়ে দিল পুলিশ


সংযুক্ত ছবি

জাসদ কার্যালয় থেকে আটক ২৭৮ জনের ২৪৯ জনকে ছেড়ে দিল পুলিশ | ছবি: সংগৃহীত

রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদের প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে আটক ২৭৮ জনের মধ্যে ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। বাকি ২৯ জনের পরিচয় যাচাই-বাছাই চলছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। রোববার বিকেল ৪টার দিকে ঢাকা পোস্টকে এ তথ্য জানান ডিএমপির মতিঝিল বিভাগের সহকারী কমিশনার সাকিবুল আলম ভূঁইয়া। পুলিশ কর্মকর্তা জানান জাসদের নেতাদের কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র ও নেতা-কর্মীদের তালিকা নেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে পরিচয় শনাক্ত হওয়ায় ২৪৯ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে বয়োবৃদ্ধ ব্যক্তিদেরও ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি। হেফাজতে থাকা ২৯ জনের বিষয়ে এসি সাকিবুল আলম বলেন তাদের পরিচয় যাচাই-বাছাই চলছে। পরিচয় শনাক্ত হওয়ার পর তাদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। পুলিশের দাবি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই তাদের নিরাপদে হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। জাসদের পক্ষ থেকে কর্মসূচির অনুমতি নেওয়া হয়েছিল কি না জানতে চাইলে তিনি বলেন জাসদের পক্ষ থেকে পুলিশের কাছে আবেদন করা হয়েছিল। তবে সেখানে মিটিং করার অনুমতি দেওয়া হয়নি। কার্যালয়টি একটি পক্ষ দখলের চেষ্টা করছে কি না এমন প্রশ্নের জবাবে পুলিশ কর্মকর্তা বলেন কার্যালয় দখলের কোনো সুযোগ নেই। বর্তমানে জাসদের প্রধান কার্যালয় পুলিশের হেফাজতে রয়েছে। এর আগে শনিবার দুপুরের পর জাসদের প্রধান কার্যালয় ঘেরাও করে যুবদলের নেতাকর্মীরা। সেখানে আওয়ামী লীগের গোপন বৈঠক চলছে এমন অভিযোগ তুলে তারা পুলিশকে খবর দেন। পরে পল্টন থানা পুলিশ কার্যালয়ে অভিযান চালায়। অভিযানের সময় কার্যালয়ের ভেতরে থাকা লোকজনকে আটক করে থানায় নেওয়া হয়। একের পর এক প্রিজন ভ্যান এনে কার্যালয়ের ভেতর থেকে লোকজনকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার ঘটনাও ঘটে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জাসদ কার্যালয়ে একত্রিত হয়েছেন এমন তথ্যের ভিত্তিতেই অভিযান চালানো হয়েছে। তবে আটক ব্যক্তিদের পরিচয় যাচাই শেষে তাদের বড় একটি অংশকে ছেড়ে দেওয়া হয়েছে।