জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে ১১ দলীয় জোটের সমাবেশ | ছবি: সংগৃহীত
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামী ৫ আগস্ট রাজধানীর নয়াপল্টনে সমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। বৃহস্পতিবার রাতে রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলের নেতার বাসভবনে অনুষ্ঠিত জোটের বৈঠক শেষে এ কর্মসূচির ঘোষণা দেন জোটের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, নির্বাচনের আগে সরকার জুলাই সনদের পক্ষে প্রচারণা চালিয়েছিল এবং প্রধানমন্ত্রী তারেক রহমানও এর পক্ষে ভোট চেয়েছিলেন। তার দাবি, গণভোটে জনগণ জুলাই সনদের পক্ষে রায় দিলেও সরকার এখন পর্যন্ত তা বাস্তবায়নে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও অধিদপ্তরে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হচ্ছে, যা জুলাই অভ্যুত্থানের চেতনার পরিপন্থী। একই সঙ্গে দেশে অনিয়ম ও দুর্নীতি বাড়ছে বলেও অভিযোগ করেন তিনি। এ কারণে সরকারের দৃষ্টি আকর্ষণ এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান হামিদুর রহমান আযাদ। বৈঠকে হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা-২০২৬’ কর্মসূচিতে এনসিপির নেতাদের ওপর হামলার নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেপ্তারের দাবিও জানানো হয়।