ডা. মিলন স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানাল ছাত্রদল | ছবি: সংগৃহীত
শহীদ ডা. মিলন দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। শুক্রবার ২৭ নভেম্বর সকালে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের সমাধি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি-সংলগ্ন শহীদ ডা. মিলন স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনটির নেতাকর্মীরা। সকাল ৯টায় শহীদ ডা. মিলনের সমাধিতে এবং সকাল সাড়ে ৯টায় স্মৃতিস্তম্ভে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। কর্মসূচিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন উপস্থিত ছিলেন। এ সময় বিশ্ববিদ্যালয় কমিটি ও বিভিন্ন হল শাখার শতাধিক নেতাকর্মী অংশ নেন। পুষ্পস্তবক অর্পণ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, শহীদ ডা. মিলন ছিলেন গণতন্ত্র, মানুষের অধিকার ও মুক্তচিন্তার পক্ষে এক সাহসী কণ্ঠস্বর। তাঁর আত্মত্যাগ স্বৈরাচারবিরোধী আন্দোলনকে আরও বেগবান করেছিল এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নতুন প্রেরণা জুগিয়েছিল। মানুষের অধিকার প্রতিষ্ঠায় সাহস, ঐক্য ও ত্যাগের প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ডা. মিলনের শহীদ হওয়ার মধ্য দিয়েই স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন চূড়ান্ত রূপ ধারণ করে। তাঁর গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পরবর্তী সময়ের অধিকার আদায় ও গণতান্ত্রিক আন্দোলনে অনুপ্রেরণা জুগিয়েছে। উল্লেখ্য, ১৯৯০ সালের ২৭ নভেম্বর স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনের সময় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন চিকিৎসক ডা. শামসুল আলম খান মিলন। তাঁর আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে রয়েছে।