প্রকাশ: ... | ... | ...

ধর্ম যার যার রাষ্ট্র সবার: এমরান সালেহ প্রিন্স


সংযুক্ত ছবি

ধর্ম যার যার রাষ্ট্র সবার: এমরান সালেহ প্রিন্স | ছবি: সংগৃহীত

ধর্মীয় উৎসব বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ঐতিহ্যের প্রতীক বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেছেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই চেতনাকে ধারণ করেই একটি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে। রোববার ১৮ অক্টোবর বিকেলে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির সদস্যসচিব আবু হাসনাত বদরুল কবীরসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন। তাঁদের মধ্যে নরেশ চন্দ্র, উত্তম কুমার বাবুল, বাঁধন কুমার সরকার ও প্রদীপ কুমার সরকার উপস্থিত ছিলেন। জেলা পরিষদ সূত্রে জানানো হয়েছে, এ বছর ময়মনসিংহ জেলার মোট ২৫৭টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে রোববার ভালুকা, গফরগাঁও, দক্ষিণ গফরগাঁও, তারাকান্দা, ফুলপুর, হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার পূজামণ্ডপগুলোতে সহায়তা দেওয়া হয়। এর আগের দিন শনিবার ময়মনসিংহ সিটি করপোরেশনসহ সদর, ত্রিশাল, মুক্তাগাছা, ফুলবাড়ীয়া, গৌরীপুর, নান্দাইল ও ঈশ্বরগঞ্জ উপজেলার পূজামণ্ডপগুলোতেও আর্থিক সহায়তা প্রদান করেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স। দুর্গাপূজা উপলক্ষে এই সহায়তা কার্যক্রমের মাধ্যমে পূজামণ্ডপগুলোর আয়োজন ও ব্যবস্থাপনায় সহযোগিতা করা হচ্ছে। একই সঙ্গে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সম্মান এবং সব সম্প্রদায়ের মানুষের সমান অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন বিএনপির এই নেতা।