বিএনপি সরকারের ছয় মাসে ‘ব্যর্থতা’ স্পষ্ট: জামায়াত | ছবি: সংগৃহীত
বিএনপি সরকারের প্রথম ছয় মাসে কয়েকটি মৌলিক ও জনগুরুত্বপূর্ণ ক্ষেত্রে ব্যর্থতা স্পষ্ট হয়ে উঠেছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার রাজধানীর মগবাজারে ‘বিএনপি সরকারের ৬ মাসের মূল্যায়ন’ শীর্ষক সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ মন্তব্য করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১৭ ফেব্রুয়ারি বিএনপির নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ছয় মাস পার হয়েছে। এখন সরকারের কর্মকাণ্ডকে শুধু প্রতিশ্রুতি দিয়ে নয়, বাস্তব ফলাফল, রাজনৈতিক সদিচ্ছা ও জনগণের প্রতি জবাবদিহির ভিত্তিতে মূল্যায়নের সময় এসেছে। জামায়াতের অভিযোগ, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে সরকারের দৃশ্যমান অনীহা রয়েছে। পাশাপাশি গ্যাস-জ্বালানি সংকট, আইনশৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের চাপ, ব্যাংকিং খাতে আস্থার সংকট এবং প্রশাসন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের অভিযোগও তুলে ধরা হয়। গ্যাস সংকটের বিষয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশে দৈনিক প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহ রয়েছে প্রায় ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। এতে শিল্পকারখানা, বিদ্যুৎকেন্দ্র ও সিএনজি স্টেশনসহ বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করেন তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে জামায়াত। দলটির দাবি, হত্যা, অপহরণ, মব সহিংসতা, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধের ঘটনা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া দ্রব্যমূল্য, ব্যাংকিং খাত এবং পররাষ্ট্রনীতিতেও সরকারের সমালোচনা করেছে দলটি। সরকারের প্রতি আট দফা আহ্বান জানিয়ে জামায়াত গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে সময়াবদ্ধ রোডম্যাপ, জ্বালানি নিরাপত্তায় সমন্বিত কৌশল, প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত রাখা, আইনশৃঙ্খলার উন্নতি, কার্যকর পররাষ্ট্রনীতি এবং ব্যাংকিং খাতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের দাবি জানিয়েছে। মিয়া গোলাম পরওয়ারের ভাষ্য, জনগণ সরকারকে সমস্যার ব্যাখ্যা দেওয়ার জন্য নয়, সমাধান দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছে। তাই প্রতিশ্রুতি নয়, এখন সরকারের কাছ থেকে দৃশ্যমান ফলাফল প্রত্যাশা করছে জামায়াতে ইসলামী।