মিছিলের আগেই হামলা, গুলিবিদ্ধ পাঁচ নেতাকর্মী | ছবি: বাংলাদেশ যুগান্তর
পাবনার ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা ও গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সন্ধ্যায় মাজদিয়া এলাকায় বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায় এবং তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হন বলে আহতদের দাবি। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাদিয়া ফেরদৌস জানান, গুলিবিদ্ধ পাঁচজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের প্রত্যেকের পায়ে গুলি লেগেছে। গুলিগুলো শরীরের অনেক গভীরে থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেগুলো অপসারণ করা সম্ভব হয়নি। এ কারণে আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায় পুলিশ। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুর রহমান জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকে কেন্দ্র করে এ হামলা ও গুলিবর্ষণের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে হামলাকারীদের পরিচয় ও ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত করছে পুলিশ।