প্রকাশ: ... | ... | ...

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব কে?


সংযুক্ত ছবি

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব কে? | ছবি: সংগৃহীত

বিএনপি সরকার ক্ষমতায় আসার পর রাষ্ট্রপতি কে হবেন—এ নিয়ে কয়েক মাস ধরেই চলছিল নানা আলোচনা। অবশেষে ১৩ আগস্ট দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। জাতীয় সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুলের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনাই এখন সবচেয়ে বেশি। আর তিনি রাষ্ট্রপতি হলে শূন্য হবে বিএনপির মহাসচিবের গুরুত্বপূর্ণ পদ। এখন প্রশ্ন—দীর্ঘ প্রায় ১৬ বছর ধরে বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করা মির্জা ফখরুলের জায়গায় কে আসছেন? দলের ভেতরে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নাম। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান জানিয়েছেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী মির্জা ফখরুলের স্থলে প্রাথমিকভাবে রিজভীর ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ার কথা। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। রুহুল কবির রিজভী নিজেও জানিয়েছেন, দলের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তিনি। বিএনপির নেতারা বলছেন, স্থায়ী মহাসচিব নির্বাচিত হন জাতীয় কাউন্সিলের মাধ্যমে। তবে তার আগে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে কাউকে দায়িত্ব দেওয়ার সুযোগ রয়েছে। সেই হিসেবে রিজভীর নামই সবচেয়ে এগিয়ে বলে মনে করছেন দলের অনেক নেতাকর্মী। তবে আলোচনায় আরও কয়েকজন সিনিয়র নেতার নামও রয়েছে। বিভিন্ন গণমাধ্যমে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, দুই যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি ও হাবিব উন নবী খান সোহেলের নাম সম্ভাব্য মহাসচিব হিসেবে এসেছে। যদিও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, দলের ভেতরে এখনো এ নিয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। গণমাধ্যমে যেসব নাম আসছে, সেগুলো মূলত বিভিন্ন মহলের আলোচনা থেকে আসছে। বিএনপির গঠনতন্ত্র ও নেতাদের বক্তব্য অনুযায়ী, আপাতত রুহুল কবির রিজভীর ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। পরে জাতীয় কাউন্সিল বা দলের সিদ্ধান্ত অনুযায়ী পূর্ণাঙ্গ মহাসচিব নির্বাচন করা হতে পারে। তবে শেষ পর্যন্ত কে বিএনপির মহাসচিব হবেন, সেটি অনেকটাই নির্ভর করছে দলের চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তের ওপর। অর্থাৎ মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনার সঙ্গে সঙ্গে বিএনপিতে শুরু হয়েছে নতুন প্রশ্ন—দলের দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পদে এবার কে আসছেন?