প্রকাশ: ... | ... | ...

মুজিব সংবিধানের পাহারাদার হবেন না: নাসীরুদ্দীন পাটওয়ারী


সংযুক্ত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী | ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বর্তমান সংবিধান সংস্কার করে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলা প্রয়োজন। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘মুজিবের সংবিধানের পাহারাদার নয়, জনগণের সংবিধানের পাহারাদার হোন।’ বুধবার (১৫ জুলাই) রাতে জয়পুরহাট শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে জেলা এনসিপির আয়োজিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, বিভিন্ন স্থানে জনসংযোগ ও কর্মসূচি পালন করতে গিয়ে তাদের বাধার মুখে পড়তে হচ্ছে। তিনি দাবি করেন, কোথাও ডিম ও ইট-পাটকেল নিয়ে প্রতিরোধের প্রস্তুতি, আবার কোথাও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করার মতো ঘটনা ঘটছে। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি গাড়িতে মাদক উদ্ধারের ঘটনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেন। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, নির্বাচনকেন্দ্র দখলের কোনো চেষ্টা হলে তা প্রতিহত করতে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, জেলা সদস্যসচিব আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক এবিএম ইসমাইল হোসেন হাদিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।