যুবদলের সাবেক নেতা বাদরু এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান | ছবি: সংগৃহীত
যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সিনিয়র সহসভাপতি খোন্দকার মোরতাজুল করিমকে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সাধারণ পরিষদ ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান করেছে সরকার। মঙ্গলবার আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এক প্রজ্ঞাপনে তাকে দুই বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়ার তথ্য জানায়। খোন্দকার মোরতাজুল করিম বাদরু কুমিল্লার বরুড়া উপজেলার বাসিন্দা। তিনি যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সিনিয়র সহসভাপতি। ওই কমিটিতে যুবদলের সভাপতি ছিলেন সাইফুল আলম নীরব এবং সাধারণ সম্পাদক ছিলেন সুলতান সালাহউদ্দিন টুকু। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন বাদরু। তবে সে সময় দল থেকে মনোনয়ন পাননি তিনি। রাজনীতিতে আসার আগে মোরতাজুল করিম জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। পরে কেন্দ্রীয় ছাত্রদলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। এরপর দীর্ঘদিন যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এবার তাকে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সাধারণ পরিষদ ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান হিসেবে দুই বছরের জন্য দায়িত্ব দিয়েছে সরকার।