রংপুরের মানুষকে উন্নয়ন থেকে বঞ্চিত করা হলে মেনে নেবে না: শফিকুর রহমান | ছবি: সংগৃহীত
রংপুর অঞ্চলে জামায়াত বেশি আসন পাওয়ায় উন্নয়ন থেকে বঞ্চিত করা হচ্ছে—এমন অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, রংপুরের মানুষ এ ধরনের বঞ্চনা মেনে নেবে না। সোমবার দুপুরে গাইবান্ধার সাঘাটার বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শফিকুর রহমান বলেন, মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য সামনে আর হাত বা পা বাড়ানো উচিত নয়। এভাবে চললে পরিণতি ভালো হবে না বলেও সতর্ক করেন তিনি। জামায়াত আমির আরও বলেন, দেশের মানুষের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, তাদের এ দেশে টিকে থাকা কঠিন হবে। দেশের মানুষ আর দিল্লির খবরদারি মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির সমালোচনা করে তিনি অভিযোগ করেন, বিএনপি ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা চালিয়ে ক্ষমতায় গিয়ে জাতির সঙ্গে প্রতারণা শুরু করেছে। যারা ‘হ্যাঁ’ প্রচারণা চালিয়ে এখন ‘না’ বলছেন, তাদেরও জনতার রায় অগ্রাহ্য করার পরিণতি ভোগ করতে হবে বলে মন্তব্য করেন তিনি। দেশের বিভিন্ন স্থানে চুরি, চাঁদাবাজি, দুর্নীতি ও লুটপাটের অভিযোগ তুলে শফিকুর রহমান বলেন, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দেশের স্বার্থে প্রয়োজনে বারবার রাজপথে নামার কথাও বলেন তিনি। সম্প্রতি দুই শিবির কর্মী হত্যার প্রসঙ্গ তুলে জামায়াত আমির বলেন, ক্ষমতার লোভে আর কোনো মায়ের কোল খালি হোক—তারা তা চান না। রাজনৈতিক বিরোধে সংঘাত এড়িয়ে চলার আহ্বানও জানান তিনি। জনসভা শেষে শফিকুর রহমান শহীদ শিবির কর্মী সাইফুল্লাহ বারী ও জামায়াত কর্মী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তিনি তাদের কবর জিয়ারত করেন।