রুহুল কবির রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ-উল্লাস | ছবি: সংগৃহীত
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় তার নিজ জেলা কুড়িগ্রামে আনন্দ-উল্লাস দেখা দিয়েছে। বৃহস্পতিবার রাতে রিজভীর নতুন দায়িত্ব পাওয়ার খবর ছড়িয়ে পড়ার পরপরই কুড়িগ্রাম শহরের বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করেন জেলা বিএনপির নেতাকর্মীরা। জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু এবং অধ্যাপক হাসিবুর রহমান হাসিবসহ নেতারা শহরের দাদামোড়, কলেজ মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নেতা-কর্মী, পথচারী, রিকশাচালক, দিনমজুর ও সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বলেন, দলের নেতৃত্ব রুহুল কবির রিজভীর মতো একজন ত্যাগী নেতাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় তারা কৃতজ্ঞ। তিনি বলেন, রিজভী শুধু কুড়িগ্রামের অহংকার নন, তিনি গোটা বাংলাদেশের নেতা। মিষ্টি বিতরণ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, রুহুল কবির রিজভী শুধু কুড়িগ্রামের সন্তান বা আঞ্চলিক নেতা নন, তিনি দেশের সর্বস্তরের মানুষের কাছে প্রিয় ও আস্থার নেতা। দীর্ঘ রাজনৈতিক জীবনে দল ও দেশের জন্য রিজভীর ত্যাগ, সততা ও রাজনৈতিক ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। অন্যদিকে জেলা বিএনপির নেতা অধ্যাপক হাসিবুর রহমান বলেন, কুড়িগ্রামের অভিভাবক হিসেবে রিজভী জেলার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা রয়েছে জেলাবাসীর। তার নেতৃত্বে নদীভাঙন, বাল্যবিয়ে ও দারিদ্র্য কমানোর পাশাপাশি শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে উন্নয়ন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। রিজভীর নতুন দায়িত্ব পাওয়াকে ঘিরে কুড়িগ্রাম বিএনপির নেতাকর্মীদের মধ্যে এই আনন্দ ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে নিজ জেলার নেতার প্রতি তাদের সমর্থন ও প্রত্যাশার কথাই উঠে এসেছে।