প্রকাশ: ... | ... | ...

সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস


সংযুক্ত ছবি

সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস | ছবি: সংগৃহীত

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ চিকিৎসা শেষে প্রায় সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। বুধবার রাত সাড়ে ৯টার দিকে মির্জা আব্বাসকে বহনকারী ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী আফরোজা আব্বাস। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান মির্জা আব্বাসের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ১১ মার্চ ইফতারে পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় গভীর রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরদিনগুলোতে তার শারীরিক অবস্থার অবনতি হলে ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে বেশ কিছুদিন চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়। দীর্ঘ সময় বিদেশে চিকিৎসাধীন থাকার পর অবশেষে বুধবার রাতে দেশে ফিরলেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। রাজনৈতিক অঙ্গনেও মির্জা আব্বাসের দেশে ফেরাকে ঘিরে আগ্রহ তৈরি হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরে এখন রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি কবে থেকে সক্রিয় হচ্ছেন, সেদিকেই নজর রয়েছে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের।