শিরোনাম

সরকার সাত মাসে লেজেগোবরে জড়িয়েছে : গোলাম পরওয়ার

বাংলাদেশ যুগান্তর ডেস্ক বাংলাদেশ যুগান্তর ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সরকার সাত মাসে লেজেগোবরে জড়িয়েছে : গোলাম পরওয়ার ছবি: সংগৃহীত
সরকার সাত মাসে লেজেগোবরে জড়িয়েছে : গোলাম পরওয়ার ছবি: সংগৃহীত

বিএনপির রাজনৈতিক অপরিপক্বতা ও অদূরদর্শী নেতৃত্বের কারণে সাত মাসেই সরকার লেজেগোবরে অবস্থায় পড়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি অভিযোগ করেন, সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের বক্তব্যে রাজনৈতিক পরিপক্বতার অভাব স্পষ্ট হয়ে উঠেছে। বিরোধী দলের ওপর দায় চাপিয়ে সরকার নিজেদের ব্যর্থতা আড়াল করার চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি।

বুধবার ২১ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গোলাম পরওয়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজার রহমান ইরান। এ সময় ১১ দলীয় জোটের শীর্ষ নেতারাও বক্তব্য দেন।

গোলাম পরওয়ার বলেন, দেশে অনেক রাজনৈতিক দল বিভিন্ন সুযোগ-সুবিধা, মন্ত্রিত্ব ও পদ-পদবির আশায় রাজনীতি করে। তবে রাজনৈতিক আদর্শের সঙ্গে আপস না করে বাংলাদেশ লেবার পার্টি একটি উদাহরণ তৈরি করেছে বলে মন্তব্য করেন তিনি। এ জন্য জামায়াতে ইসলামী ও ১১ দলের পক্ষ থেকে দলটিকে অভিনন্দন ও শুভকামনা জানান তিনি।

দেশের শ্রমিকদের দুরবস্থা তুলে ধরে জামায়াতের এই নেতা বলেন, মূল্যস্ফীতি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় শ্রমজীবী মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। গার্মেন্টসসহ বিভিন্ন শিল্প খাতে শ্রমিক অসন্তোষ দেখা দিলে সরকার বিরোধী দলকে দায়ী করছে। অথচ বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ এবং মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করা সরকারের দায়িত্ব।

সরকারের সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, বিরোধী দলের নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে দেশের অস্থিতিশীলতার জন্য দায়ী করা হচ্ছে। তার দাবি, চাঁদাবাজি, দখলদারি, মাদক, সন্ত্রাস ও দুর্নীতির অভিযোগ থেকে দৃষ্টি সরাতেই বিরোধী দলের ওপর দায় চাপানো হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে গড়ে ওঠা গোয়েন্দা ও প্রশাসনিক কাঠামোর যথাযথ সংস্কার হয়নি। সেই কাঠামোর তথ্যের ভিত্তিতে বিরোধী দলকে দোষারোপ করা হলে তা গ্রহণযোগ্য হবে না বলেও মন্তব্য করেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, সরকারের অনিয়ম, দলীয়করণ ও অপকর্মের সমালোচনা করা বিরোধী দলের দায়িত্ব। এসব বিষয়ে কথা বললেই অস্থিতিশীলতা তৈরির অভিযোগ তোলা হলে তা ফ্যাসিবাদী রাজনীতির পথ তৈরি করবে। অতীতে আওয়ামী লীগ সরকারের সময়ও সমালোচকদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ তোলা হতো বলে মন্তব্য করেন তিনি।

সরকারি পদে দলীয় লোক নিয়োগের অভিযোগ তুলে তিনি বলেন, সিটি করপোরেশন, জেলা পরিষদসহ বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দলীয়করণ করা হচ্ছে। বিএনপির প্রার্থীকে নির্বাচিত না করলে উন্নয়ন বরাদ্দ দেওয়া হবে না বলে চিফ হুইপ নূরুল ইসলাম মনি যে বক্তব্য দিয়েছেন বলে তিনি উল্লেখ করেন, সেটিও সমালোচনা করেন গোলাম পরওয়ার।

বিরোধী দলের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিরোধী দল কর্মসূচি পালন করলেও হরতাল, অবরোধ বা সহিংসতার পথে যায়নি। তার ভাষ্য, দেশের স্থিতিশীলতার কথা বিবেচনা করেই বিরোধী দল সংযম দেখিয়েছে। কিন্তু সরকার তাদের আন্দোলনকেও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হিসেবে দেখছে।

গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে গোলাম পরওয়ার বলেন, গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষের সমর্থনের মাধ্যমে ৮৪টি ঐকমত্যের বিষয়ে জনগণ তাদের মতামত জানিয়েছে বলে তারা মনে করেন। এই গণরায়কে সম্মান জানিয়ে সংবিধান সংস্কারের বিষয়ে বিরোধী দলের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব। এ বিষয়ে সংসদে আলোচনার মাধ্যমে সমাধানের সুযোগ এখনো রয়েছে।

বক্তব্যের শেষ পর্যায়ে গোলাম পরওয়ার সরকারকে সতর্ক করে বলেন, ভুল রাজনৈতিক সিদ্ধান্ত ও বিরোধী দলের সঙ্গে সংঘাতের পথে এগোলে দেশে অস্থিরতা বাড়তে পারে। এমন পরিস্থিতি তৈরি করা উচিত নয়, যাতে আওয়ামী লীগ আবারও রাজনৈতিকভাবে ফিরে আসার সুযোগ পায়। দেশের স্থিতিশীলতা রক্ষায় সরকারকে সংলাপ ও সমঝোতার পথে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL