শিরোনাম

রাজপথের আন্দোলনও হবে অহিংস, বললেন জামায়াত আমির

বাংলাদেশ যুগান্তর
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
রাজপথের আন্দোলনও হবে অহিংস, বললেন জামায়াত আমির ছবি: সংগৃহীত
রাজপথের আন্দোলনও হবে অহিংস, বললেন জামায়াত আমির ছবি: সংগৃহীত

গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ নিরসনের দাবিতে জামায়াতে ইসলামী যেসব রাজনৈতিক কর্মসূচি পালন করবে, তা অহিংস ও শান্তিপূর্ণ হবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। বুধবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

বৈঠক শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের জানান, টেলিভিশন চ্যানেলগুলোর শীর্ষ কর্মকর্তারা জামায়াতকে গঠনমূলক ও ভালো রাজনৈতিক কর্মসূচি দেওয়ার পরামর্শ দিয়েছেন। তাঁদের মতে, বিরোধী দল হিসেবে জামায়াতের সাম্প্রতিক ভূমিকা অতীতের তুলনায় শান্তিপূর্ণ, নিয়মতান্ত্রিক ও গঠনমূলক। গোলাম পরওয়ার বলেন, সরকারের জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে জামায়াত অবস্থান নেবে। তবে দলটির সব রাজনৈতিক কর্মসূচি হবে অহিংস, গঠনমূলক ও দায়িত্বশীল। রাজপথের আন্দোলনও অহিংস রাখার বিষয়ে দলটি প্রতিশ্রুতিবদ্ধ।

মতবিনিময়ে ইলেকট্রনিক গণমাধ্যমের বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন টেলিভিশন কর্মকর্তারা। বিশেষ করে বেতন কাঠামো, ওয়েজ বোর্ড ও প্রাতিষ্ঠানিক কাঠামোর ঘাটতির বিষয়গুলো আলোচনায় আসে। জামায়াত আমির এসব সমস্যা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সমাধানে ভূমিকা রাখার আশ্বাস দিয়েছেন বলে জানান গোলাম পরওয়ার। এ ছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ ও গ্যাস সংকট, সন্ত্রাস এবং দলীয়করণসহ জনদুর্ভোগের বিভিন্ন বিষয় বৈঠকে তুলে ধরা হয়।

গোলাম পরওয়ার বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না হলে দেশে রাজনৈতিক সংকট তৈরি হতে পারে। তাই সরকারের উচিত কোনো ভিন্নমত না রেখে গণভোটের রায় বাস্তবায়ন করা। জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, সংবাদ পরিবেশনের পাশাপাশি জনমত ও জাতীয় ঐকমত্য তৈরিতেও টেলিভিশন চ্যানেলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বৈঠকে জামায়াতের আমির দলটির কর্মকাণ্ড নিয়ে সাংবাদিকদের পরামর্শ ও ত্রুটি খোলামেলাভাবে তুলে ধরার আহ্বান জানান। মতবিনিময় সভায় জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মা’ছুম, রফিকুল ইসলাম খান, আবদুল হালিমসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL