টিএইচই র্যাংকিংয়ে বাংলাদেশের শীর্ষে জাবিসহ চার বিশ্ববিদ্যালয় | ছবি: সংগৃহীত
টাইমস হায়ার এডুকেশনের বা টিএইচই ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং ২০২৭-এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তবে একই ব্যান্ডে যৌথভাবে রয়েছে আরও তিনটি বিশ্ববিদ্যালয়। বুধবার ৩০ সেপ্টেম্বর প্রকাশিত তথ্য অনুযায়ী ৮০১ থেকে ১০০০তম অবস্থানের ব্যান্ডে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা জাবি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ বা এআইইউবি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বা ডিআইইউ এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি বা এনএসইউ। টিএইচইর এই র্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোর পারফরম্যান্স মূল্যায়নে পাঁচটি প্রধান সূচক বিবেচনা করা হয়েছে। এগুলো হলো শিক্ষাদান বা টিচিং, গবেষণা পরিবেশ, গবেষণার মান, শিল্প খাতের সঙ্গে সম্পৃক্ততা এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি। এসব সূচকে পাওয়া স্কোরের ভিত্তিতে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে র্যাংকিংয়ে স্থান দেওয়া হয়েছে। এর আগে ২০২৪ ও ২০২৫ সালেও টাইমস হায়ার এডুকেশনের র্যাংকিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ অবস্থানে ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এবারও দেশীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একই ব্যান্ডে অবস্থান করায় বিশ্ববিদ্যালয়টির ধারাবাহিকতা বজায় থাকল। এই অর্জনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, টিএইচই র্যাংকিংয়ে দেশসেরা বিশ্ববিদ্যালয়ের গৌরব অর্জন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য সম্মান ও গৌরবের বিষয়। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও সুনাম আরও বৃদ্ধি পেয়েছে বলেও উল্লেখ করেন তিনি। উপাচার্য আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে বিশ্ব র্যাংকিংয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে। তিনি জানান, শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রশাসন বিভিন্ন উদ্যোগ নিয়েছে। বিশেষ করে গবেষণা খাত এবং আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশের ক্ষেত্রে আর্থিক প্রণোদনা বাড়ানো হয়েছে। ভবিষ্যতেও এসব প্রণোদনা অব্যাহত থাকবে বলে জানান উপাচার্য।