প্রকাশ: ... | ... | ...

ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন


সংযুক্ত ছবি

ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন | ছবি: সংগৃহীত

তৃতীয় ও চতুর্থ শ্রেণির সরকারি চাকরির নিয়োগে মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেটের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, লিখিত ও মৌখিক পরীক্ষায় নম্বরের ভারসাম্যপূর্ণ বণ্টন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রেখে মেধার যথাযথ মূল্যায়নের দাবি জানান তারা। শিক্ষার্থীদের অভিযোগ, বছরের পর বছর পড়াশোনা করে চাকরির প্রস্তুতি নেওয়ার পর মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর সিদ্ধান্ত চাকরিপ্রত্যাশীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করবে। মানববন্ধনে আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমন আলী বলেন, দেশের সব নাগরিকের সরকারি চাকরিতে সমান অধিকার থাকা উচিত। তারা কোনো সরকার বা মৌখিক পরীক্ষার বিরোধিতা করছেন না। বরং সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন তারা। তার ভাষ্য, দীর্ঘদিন ধরে চাকরির প্রস্তুতি নেওয়ার পর এমন সিদ্ধান্ত মেনে নেওয়া সম্ভব নয়। এ সময় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাফিজ বলেন, সরকারকে অনতিবিলম্বে মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। অন্যথায় শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের মধ্যে আরও ক্ষোভ তৈরি হতে পারে। মানববন্ধন থেকে শিক্ষার্থীরা মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার পাশাপাশি লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বরে যৌক্তিক ভারসাম্য নিশ্চিত করার দাবি জানান। তাদের দাবি, সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও মেধার মূল্যায়ন নিশ্চিত করা হলে চাকরিপ্রত্যাশীদের মধ্যে আস্থা ফিরবে।