লকডাউন ঘিরে সহিংসতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ | ছবি: সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে দেশব্যাপী নাশকতা ও সহিংসতার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার বিকেলে বৃষ্টির মধ্যেই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনটির নেতা-কর্মীরা। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসিরের নেতৃত্বে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কাটাবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হয় মিছিলটি। বিক্ষোভ মিছিলের অগ্রভাগে প্রতীকী ফাঁসির মঞ্চ নিয়ে অংশ নেন নেতা-কর্মীরা। মঞ্চে লেখা ছিল ‘খুনি হাসিনা দেশে আয়, ফাঁসি মঞ্চ রেডি আছে’। এ সময় নেতা-কর্মীরা আওয়ামী লীগ ও ছাত্রলীগবিরোধী বিভিন্ন স্লোগান দেন। তাদের স্লোগানের মধ্যে ছিল ‘কিসের আবার ডিসেম্বর, লীগ ধরে জেলে ভর’, ‘ছাত্রলীগের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ এবং ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’। কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। আওয়ামী লীগ ও ছাত্রলীগের ডাকা লকডাউন কর্মসূচিকে ঘিরে দেশব্যাপী নাশকতা ও সহিংসতার প্রতিবাদ জানাতেই এই বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বলে জানিয়েছে সংগঠনটি।