অপ্রতিম হত্যায় বায়োলজিক্যাল বা রেডিওলজিক্যাল টেস্টের দাবি | ছবি: সংগৃহীত
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের হাতে নিহত স্কুলছাত্র অপ্রতিমের হত্যাকাণ্ডের সঠিক বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার। শিশু আইনে যেসব আসামিকে গাজীপুর শিশু উন্নয়নকেন্দ্রে পাঠানো হয়েছে তাদের প্রকৃত বয়স নির্ধারণে বায়োলজিক্যাল টেস্ট বা রেডিওলজিক্যাল টেস্ট করার দাবি জানিয়েছেন তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাজিক নিরাপত্তা এবং সেবামূলক প্রতিষ্ঠানের সেবা নিশ্চিতকরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ দাবি জানান অপ্রতিমের বাবা। তিনি বলেন অপ্রতিম হত্যার বিচার যেন সঠিকভাবে হয়। যারা হত্যাকাণ্ডে জড়িত তাদের প্রকৃত বয়স যাচাই করে আইন অনুযায়ী বিচার নিশ্চিত করা প্রয়োজন। হত্যাকারীদের বিচার না হলে তারা ভবিষ্যতে আবার বের হয়ে এসে পরিবারের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম এম শরীফুল করীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের নিরাপত্তার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমানসহ বিভিন্ন প্রশাসনিক দফতরের প্রতিনিধিরা বক্তব্য দেন। এ সময় সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র সন্তান অপ্রতিম হত্যার ঘটনাসহ শিক্ষক শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনায় আসে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা আরও দ্রুত ও কার্যকর করার আহ্বান জানান উপাচার্য প্রফেসর ড. এম এম শরীফুল করীম। সভায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং শিক্ষক শিক্ষার্থীদের নিরাপত্তায় সংশ্লিষ্ট প্রশাসনিক সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।