প্রকাশ: ... | ... | ...

আইফোনের জন্য পরিকল্পিতভাবে হত্যা করা হয় অপ্রতিমকে


সংযুক্ত ছবি

আইফোনের জন্য পরিকল্পিতভাবে হত্যা করা হয় অপ্রতিমকে | ছবি: সংগৃহীত

আইফোন ছিনিয়ে নিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দম্পতির একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রোববার দুপুরে কুমিল্লায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। পুলিশের ভাষ্য অনুযায়ী, অপ্রতিমকে কৌশলে জঙ্গলের একটি নির্জন স্থানে নিয়ে যায় তার পরিচিত সিনিয়র বন্ধুরা। সেখানে তার হাতে থাকা আইফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে বাধা দেয় অপ্রতিম। এ সময় তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে সাইফুল ইসলাম তুহিন, মোজাম্মেল হোসেন ফাহাদ ও কামরুল হাসান বাঁশের শক্ত লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে পুলিশের দাবি। পরে তার ব্যবহৃত আইফোন নিয়ে সেখান থেকে চলে যায় তারা। পুলিশ সুপার জানান, এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন সাইফুল ইসলাম তুহিন, মোজাম্মেল হোসেন ফাহাদ ও মো. কামরুল হাসান। এছাড়া সিয়াম নামে আরও একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানায়, অপ্রতিম নিখোঁজ হওয়ার পর তার পরিবারের করা সাধারণ ডায়েরির ভিত্তিতে তদন্ত শুরু হয়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তুহিনের গতিবিধি শনাক্ত করা হয়। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে হত্যাকাণ্ডের বিষয়ে তথ্য পাওয়া যায়। তুহিনের দেখানো মতে তার বাসার খাটের তোশকের নিচ থেকে অপ্রতিমের ব্যবহৃত আইফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। শুক্রবার বিকেলে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে শালবন বিহারে ছবি তুলতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় সে। সন্ধ্যার পরও বাসায় না ফেরায় তার মা কুমিল্লার সদর দক্ষিণ থানায় জিডি করেন। পরে শনিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশের লালমাই সানন্দা পাহাড়ের জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ সুপার ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।