আদালতের খাসকামরায় আগুন, অরক্ষিত জানালা ঘিরে সন্দেহ | ছবি: সংগৃহীত
চট্টগ্রামের রাউজান সিনিয়র সিভিল জজ আদালতের বিচারকের খাসকামরায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৪০ থেকে ৫০টি মামলার নথিপত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র, কম্পিউটার, এসি ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় আদালতের বিচারিক ও দাপ্তরিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন বিচারপ্রার্থী ও সাধারণ মানুষ। সোমবার ১৬ নভেম্বর সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আদালত সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে আদালতের নাজির আকাশ নাথ অফিসে এসে বিচারকের কক্ষ থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন। পরে তিনি দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কক্ষের ভেতরের আগুন নিভে যায়। আদালতের নাজির আকাশ নাথ জানান, সিনিয়র সহকারী জজ আবদুল মান্নানের খাসকামরায় থাকা ৪০ থেকে ৫০টি মামলার নথিপত্র আগুনে পুড়ে নষ্ট হয়েছে। এ ছাড়া একটি এসি, কম্পিউটার, প্রিন্টার, বুকশেলফ, এক্সিকিউটিভ চেয়ার, ওয়াশরুমের সরঞ্জামসহ বেশ কিছু আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে আগুনের সূত্রপাত নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। বৈদ্যুতিক শর্টসার্কিট নাকি পরিকল্পিত অগ্নিসংযোগ—তা নিয়ে চলছে আলোচনা। ঘটনাস্থল পরিদর্শন করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, বিচারকের খাসকামরার একপাশের একটি জানালা অরক্ষিত ছিল। ওই জানালা দিয়ে বাইরে থেকে কেউ পরিকল্পিতভাবে আগুন দিয়েছে কি না, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অন্যদিকে অগ্নিকাণ্ডের কারণে আদালতের কার্যক্রম ব্যাহত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন আইনজীবীরা। রাউজান আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়্যদ গোলাম সরোয়ার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি দ্রুত আদালতের স্বাভাবিক কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন। সব মিলিয়ে গুরুত্বপূর্ণ মামলার নথিপত্র পুড়ে যাওয়ার ঘটনায় আদালতপাড়ায় উদ্বেগ তৈরি হয়েছে। এখন অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ক্ষতিগ্রস্ত মামলার নথিপত্র পুনরুদ্ধারই বড় চ্যালেঞ্জ।