প্রকাশ :: ... | ... | ...

আর্জেন্টিনা মিসর ম্যাচের রেফারিং নিয়ে থানায় অভিযোগ


সংযুক্ত ছবি

ফিফার সভাপতি ও ম্যাচ রেফারির বিরুদ্ধে করা অভিযোগ হাতে মো. রাকিব | ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার ম্যাচে রেফারিংয়ে পক্ষপাতের অভিযোগ তুলে ফিফার সভাপতি, ম্যাচ রেফারিসহ ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে নোয়াখালীর সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এক তরুণ। একই সঙ্গে তিনি পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন। অভিযোগকারী মো. রাকিব (২২) সদর উপজেলার মান্দারতলী গ্রামের বাসিন্দা। বুধবার রাতে তিনি থানায় লিখিত অভিযোগ জমা দেন। তবে পুলিশ জানিয়েছে, বিষয়টি তাদের আইনগত এখতিয়ারের মধ্যে পড়ে না। লিখিত অভিযোগে রাকিব উল্লেখ করেন, মঙ্গলবার রাতে স্থানীয় করমুল্যা বাজারে বড় পর্দায় আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার বিশ্বকাপের ম্যাচটি দেখার সময় তিনি রেফারিংয়ে পক্ষপাতমূলক আচরণ লক্ষ্য করেন। তাঁর দাবি, ম্যাচে ইচ্ছাকৃতভাবে একটি দলকে সুবিধা দেওয়া হয়েছে, যার ফলে মিসর পরাজিত হয়েছে। অভিযোগে তিনি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, ম্যাচ রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েরসহ ১৫ থেকে ২০ জনকে অভিযুক্ত হিসেবে উল্লেখ করেন। তাঁর অভিযোগ, অন্যায্য পেনাল্টি প্রদান, মিসরের একটি বৈধ গোল বাতিল এবং খেলোয়াড় ও কোচের বিরুদ্ধে পক্ষপাতমূলক সিদ্ধান্তের মাধ্যমে ম্যাচের ফলাফল প্রভাবিত করা হয়েছে। এতে তিনি ও অসংখ্য মিসর সমর্থক মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করেন। পাশাপাশি তিনি ফিফার কাছে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ এবং অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, অভিযোগকারী থানায় এসেছিলেন—বিষয়টি সত্য। তবে আন্তর্জাতিক ফুটবল ম্যাচের রেফারিং বা ফিফা-সংশ্লিষ্ট বিষয়ে স্থানীয় থানার কোনো আইনগত এখতিয়ার নেই। বিষয়টি অভিযোগকারীকে বুঝিয়ে বলা হয়েছে এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ার আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে মো. রাকিব বলেন, ম্যাচের পর তিনি ও তাঁর সঙ্গে থাকা সমর্থকেরা মানসিকভাবে ভেঙে পড়েছেন। তিনি অভিযোগ করেন, ম্যাচে গুরুতর অন্যায় হয়েছে। থানায় অভিযোগ গ্রহণ না করায় তিনি আদালতের শরণাপন্ন হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। পাশাপাশি প্রয়োজনে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করবেন বলেও জানান।