কেরানীগঞ্জে তানজিলা নামের কিশোরীর মরদেহ উদ্ধার | ছবি: বাংলাদেশ যুগান্তর
কেরানীগঞ্জে গ্রিন সিটি সংলগ্ন বালুর মাঠ এলাকা থেকে তানজিলা (১৭) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত তানজিলা বাঘের রাজেন্দ্রপুর এলাকার মৃত হাবিবের মেয়ে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে স্থানীয় লোকজন গ্রিন সিটি সংলগ্ন বালুর মাঠ এলাকায় ঝোঁপের মধ্যে মরদেহটি পড়ে থাকতে দেখেন। মুহূর্তেই বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং আশপাশের উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং মরদেহ উদ্ধার করে। তার পরনে কালো রঙের গেঞ্জি ও জিন্স প্যান্ট রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, প্রযুক্তির সহায়তা ও ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার মাধ্যমে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করার চেষ্টা চলছে। এটি হত্যাকাণ্ড কি না, তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর নিশ্চিতভাবে বলা যাবে। এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।