গাজীপুরে একের পর এক কারখানায় ছুটি ঘোষণা, মহাসড়কে উত্তেজনা | ছবি: Collected
গাজীপুরের শিল্পাঞ্চলে আবারও শ্রমিক অসন্তোষের আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন এলাকার কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর মধ্যেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন একদল শ্রমিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ নিক্ষেপ করেছে সাউন্ড গ্রেনেড। বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একদল শ্রমিক মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার উদ্যোগ নেয়। এ সময় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। পরে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরবর্তী সময়ে স্বাভাবিক হয় যান চলাচল। এদিকে শ্রমিক অসন্তোষের আশঙ্কায় গাজীপুরের কোনাবাড়ী, পল্লী বিদ্যুৎসহ আশপাশের বিভিন্ন এলাকার কারখানায় নতুন করে ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া সদর উপজেলার বাঘের বাজার ও ভবানীপুর এবং শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি, বৈরাগীর চালা ও কেওয়াসহ বিভিন্ন এলাকার বেশ কয়েকটি কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। অন্যদিকে পরিস্থিতি অবনতির আশঙ্কায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে। শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানিয়েছেন, শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম সচল রাখতে পুলিশ কাজ করছে। সব মিলিয়ে গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের আশঙ্কায় তৈরি হয়েছে বাড়তি সতর্কতা। এখন পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শ্রমিকদের অসন্তোষের কারণ সমাধান করাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জন্য গুরুত্বপূর্ণ।