চট্টগ্রামে ছুরির মুখে রিকশাযাত্রীকে ছিনতাই | ছবি: সংগৃহীত
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার পাথরঘাটা এলাকার সতীশ বাবু লেনে ছুরির মুখে এক রিকশাযাত্রীর কাছ থেকে জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার একটি ভিডিও শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, দুই ব্যক্তি একটি প্যাডেলচালিত রিকশার যাত্রীকে আটকে ছুরি দেখাচ্ছেন। এ সময় ওই যাত্রীকে জিনিসপত্র দেওয়ার জন্য অনুরোধ করতে শোনা যায়। একপর্যায়ে সাদা টি-শার্ট পরা এক ব্যক্তি হাতে থাকা ছুরি দিয়ে ওই রিকশাযাত্রীর প্যান্টের পকেট কাটতে শুরু করেন। পাশে থাকা আরেক ব্যক্তি তার পকেট থেকে জিনিসপত্র বের করার চেষ্টা করেন। পরে পকেট কেটে সেখান থেকে কিছু একটা নিয়ে নেওয়া হয়। এরপর দুই ব্যক্তি কাছেই দাঁড়িয়ে থাকা একটি ব্যাটারিচালিত রিকশায় উঠে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ সময় আশপাশের ভবন থেকে কয়েকজনকে চিৎকার করতে দেখা যায়। পরে স্থানীয়রা চোর চোর এবং ধর ধর বলে ব্যাটারিচালিত রিকশাটিকে ধাওয়া করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ছিনতাইকারীদের বহনকারী ব্যাটারিচালিত রিকশাটিও দেখা গেছে। তবে ভিডিওতে ধারণ করা ঘটনাটি ঠিক কবে ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার কোতোয়ালী খায়রুল বাশার জানান, ঘটনাটি পুলিশের নজরে এসেছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের টিম কাজ করছে। এ বিষয়ে সব তথ্য একসঙ্গে জানানো হবে বলেও জানান তিনি। পুলিশের পক্ষ থেকে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।