চৌদ্দগ্রাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ | ছবি: বাংলাদেশ যুগান্তর
‘পাঠে মন, উন্নত জীবন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন, চৌদ্দগ্রামের আয়োজনে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ বই বিতরণ করা হয়। বই বিতরণ উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন বই হাতে নিয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করে। এ সময় শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার আগ্রহ ও জ্ঞানচর্চার মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। কর্মসূচির অন্যতম লক্ষ্য হলো শিক্ষার্থীদের নিয়মিত বই পড়ায় উৎসাহিত করা। শিক্ষার্থীরা একটি বই পড়ে তা আবার তাদের সহপাঠীদের সঙ্গে শেয়ার করবে। এর ফলে একই বই অনেক শিক্ষার্থীর পড়ার সুযোগ তৈরি হবে এবং তাদের মধ্যে জ্ঞান বিনিময়ের পথ সুগম হবে। আয়োজকরা মনে করেন, পাঠাভ্যাস গড়ে তোলার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশ ঘটবে। শিক্ষার পাশাপাশি সংস্কৃতি ও খেলাধুলার চর্চায়ও এগিয়ে যাবে নতুন প্রজন্ম। শিক্ষা, সংস্কৃতি আর খেলাধুলায় এগিয়ে যাক প্রিয় চৌদ্দগ্রাম।