প্রকাশ: ... | ... | ...

থানায় অগ্নিসংযোগের অভিযোগে ডিবির হাতে পুলিশ কর্মকর্তা


সংযুক্ত ছবি

থানায় অগ্নিসংযোগের অভিযোগে ডিবির হাতে পুলিশ কর্মকর্তা | ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসানকে আটক করেছে পুলিশ। তিনি বর্তমানে ময়মনসিংহের এসআরবি-১৪ কার্যালয়ে কর্মরত রয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত আটটার দিকে ময়মনসিংহের এসআরবি-১৪ কার্যালয় থেকে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাকে আটক করে। মো. আবুল হাসান ৩৪তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা। তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়। জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের আগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি। পরবর্তীতে তাকে ময়মনসিংহের এসআরবিতে বদলি করা হয়। পুলিশের দাবি, মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় তার সম্পৃক্ততার বিষয়ে তদন্তের অংশ হিসেবে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের সময় তার কথাবার্তা ও অভিব্যক্তিতে ওই ঘটনার সঙ্গে সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়ার দাবি করেছে পুলিশ। এর পরিপ্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়েছে। তবে ঠিক কীভাবে এবং কোন পর্যায়ে ওই অগ্নিসংযোগের ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ উঠেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অগ্নিসংযোগের মতো ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ ওঠায় বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে আলোচনা তৈরি হয়েছে। ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনে তদন্তের অগ্রগতি এখন গুরুত্বপূর্ণ।