থানায় লোকজন নিয়ে ওসির মুখোমুখি রুমিন ফারহানা | ছবি: সংগৃহীত
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি মঞ্জুর কাদের ভূইয়াকে উদ্দেশ করে ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’—এমন মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। থানায় লোকজন নিয়ে যাওয়াকে কেন্দ্র করে ওসির সঙ্গে তাঁর কথোপকথনের একটি ভিডিওতে এ মন্তব্য শোনা যায়। এ সময় ওসির অতীত কর্মকাণ্ড নিয়েও একাধিক অভিযোগ তোলেন তিনি। বৃহস্পতিবার ২২ অক্টোবর প্রকাশিত ভিডিওতে দেখা যায়, থানায় বিপুলসংখ্যক লোকজন নিয়ে যাওয়ার কারণ জানতে চান ওসি মঞ্জুর কাদের ভূইয়া। জবাবে রুমিন ফারহানা বলেন, ওসি তাঁকে নিজের নিরাপত্তার ব্যবস্থা নিজেকেই করতে বলেছিলেন। তাই নিজের নিরাপত্তা নিশ্চিত করতে লোকজন সঙ্গে নিয়ে এসেছেন বলে জানান তিনি। কথোপকথনের একপর্যায়ে ওসির বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তিকে টেলিফোন করে টাকা চাওয়া, মাটির ব্যবসা ও ইটভাটা থেকে অর্থ নেওয়ার অভিযোগ করেন রুমিন ফারহানা। নিরীহ মানুষের বিরুদ্ধে মামলা দিয়ে অর্থ আদায়কে ওসির ব্যবসা বলেও মন্তব্য করেন তিনি। তবে এসব অভিযোগের বিষয়ে ওসির বক্তব্য পাওয়া যায়নি। এ সময় সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের প্রসঙ্গ টেনে রুমিন দাবি করেন, ওই ওসির বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ তুলে তাঁকে দায়িত্ব থেকে সরানোর জন্য তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা গণমাধ্যমের সামনে বক্তব্য দিয়েছিলেন। ভিডিওতে আরও দেখা যায়, ওসি পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তাকে ভিডিও কলের মাধ্যমে পরিস্থিতি দেখিয়ে অভিযোগ করেন, শত শত লোক নিয়ে থানায় এসে মব করার চেষ্টা করা হচ্ছে। তবে রুমিন ফারহানার সঙ্গে আসা লোকজন এ অভিযোগ অস্বীকার করেন। তাঁদের দাবি, মব করতে নয়, বরং সংসদ সদস্যের নিরাপত্তা নিশ্চিত করতেই তাঁরা থানায় এসেছেন। একপর্যায়ে রুমিন ফারহানার সঙ্গে আসা লোকজনের মধ্যে কোনো আসামি আছেন কি না, তা জানতে চান ওসি। জবাবে রুমিন ফারহানা বলেন, ‘আমি আসামি।’ এরপর তিনি জানান, আওয়ামী লীগ সরকারের আমলে তাঁর বিরুদ্ধে ১২টি মামলা ছিল। ঘটনাটি ঘিরে থানায় লোকজনের উপস্থিতি, নিরাপত্তা এবং ওসির অতীত কর্মকাণ্ড নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য সামনে এসেছে। তবে রুমিন ফারহানার তোলা অভিযোগগুলোর সত্যতা সম্পর্কে স্বাধীনভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে ওসি মঞ্জুর কাদের ভূইয়ার বক্তব্যও পাওয়া যায়নি।