দক্ষিণ কেরানীগঞ্জ থানার নবাগত ওসি ফখরুল ইসলামের সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় | ছবি: বাংলাদেশ যুগান্তর
দীর্ঘ সাড়ে তিন মাস পর ঢাকা জেলার গুরুত্বপূর্ণ দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন পুলিশ পরিদর্শক ফখরুল ইসলাম। দায়িত্ব গ্রহণের পর থেকেই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং সাধারণ নাগরিকদের হয়রানিমুক্ত আইনি সেবা নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। এরই ধারাবাহিকতায় রোববার (১৫ নভেম্বর ২০২৬) দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নবাগত ওসির সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। সাক্ষাৎকালে এলাকার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মাদক নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ ও সাংবাদিকদের পারস্পরিক পেশাগত সহযোগিতার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন ‘দৈনিক জনবাণী’র প্রতিনিধি আব্দুর রহমান মোল্লা, ‘দৈনিক বাংলার নবকণ্ঠ’-এর প্রতিনিধি নিপা আক্তার, ‘ভয়েস অফ কেরানীগঞ্জ’ ও ‘সিএনএস নিউজ’-এর প্রতিনিধিসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ। এ সময় উপস্থিত গণমাধ্যমকর্মীরা নবাগত ওসির সাথে কুশল বিনিময় করেন এবং পেশাগত দায়িত্ব পালনে পারস্পরিক সহযোগিতা কামনা করেন। মতবিনিময় শেষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তারা ফটোসেশনে অংশ নেন। এলাকাবাসীর প্রত্যাশা, নবাগত এই কর্মকর্তার দক্ষ নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জ থানা একটি প্রকৃত জনবান্ধব ও সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত হবে। অন্যায়ের বিরুদ্ধে আপসহীন থেকে এবং সর্বদা ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে থানা এলাকাকে অপরাধমুক্ত রাখতে পুলিশ প্রশাসন জোরালো ভূমিকা পালন করবে—এমনটাই প্রত্যাশা সচেতন মহল ও দক্ষিণ কেরানীগঞ্জবাসীর।