নারায়ণগঞ্জে ইজিবাইক গ্যারেজ ও ঝুটের গুদামে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৭টি প্রতিষ্ঠান | ছবি: বাংলাদেশ যুগান্তর
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ইজিবাইক গ্যারেজ থেকে লাগা ভয়াবহ আগুনে ৪টি ঝুট গুদাম ও ৩টি ইজিবাইক গ্যারেজ পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় এক ঘণ্টার সম্মিলিত প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। শুক্রবার ভোরে ফতুল্লার মাসদাইর এলাকার গাবতলী সংলগ্ন ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাশে এই দুর্ঘটনা ঘটে। শুক্রবার ভোর ৬টার দিকে ফতুল্লার মাসদাইর এলাকার আমানা গার্মেন্টসের বিপরীতে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাশে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, জেলা পরিষদের জমিতে টিন দিয়ে তৈরি করা অন্তত ১৫ থেকে ২০টি গুদাম ও গ্যারেজ স্থানীয় প্রভাবশালীরা ভাড়া দিয়েছিলেন। এসব স্থাপনার একাংশে ঝুটের ব্যবসা এবং অন্য অংশে ইজিবাইকের গ্যারেজ পরিচালনা করা হতো। ভোর ৬টার দিকে গ্যারেজ বা গুদামের কোনো একটিতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ও ঘন কালো ধোঁয়া আশপাশের গুদামগুলোতে ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা এবং কারখানার শ্রমিকদের মাঝে চরম আতঙ্ক দেখা দেয়। ভয়াবহ এই আগুনে ৪টি ঝুট গুদাম এবং ৩টি ইজিবাইক গ্যারেজ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ঝুট গুদামগুলোর মালিকরা হলেন আসলাম মেম্বার, অহিদুল ইসলাম, রাজা ও মাউরা। এছাড়া আলী, শহিদ ও আনোয়ারের ইজিবাইক গ্যারেজগুলোও পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মণ্ডলপাড়া ও বিসিক স্টেশনের মোট ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নির্বাপণ কাজ শুরু করে। ফায়ার সার্ভিস কর্মীদের প্রায় এক ঘণ্টার নিরলস প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোয় আগুন চারদিকে আরও বড় পরিসরে ছড়াতে পারেনি। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।