প্রকাশ: ... | ... | ...

পদ্মার পানি বাড়ছে, বাড়ছে স্রোতের তীব্রতাও


সংযুক্ত ছবি

পদ্মার পানি বাড়ছে, বাড়ছে স্রোতের তীব্রতাও | ছবি: সংগৃহীত

পদ্মা নদীতে উজানের পানির প্রবল স্রোত। এতে ঝুঁকি তৈরি হয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে। এই নৌপথে চলাচলকারী সব ধরনের নৌযান, ফেরি ও লঞ্চকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে পরিচালনার নির্দেশ দিয়েছে বিআইডব্লিউটিএ। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএর আরিচা শাখার যুগ্ম পরিচালক মোহাম্মদ আশরাফ উদ্দিন। এর আগে শুক্রবার জারি করা বিশেষ জরুরি নৌ বিজ্ঞপ্তিতে বলা হয়, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের দৌলতদিয়া প্রান্তে পদ্মা নদীতে উজানের পানির স্রোতের তীব্রতা বেড়েছে। বর্তমানে ওই এলাকায় পানির স্রোতের বেগ ঘণ্টায় প্রায় ৭ দশমিক ২০ নটিক্যাল মাইল। প্রবল স্রোতের কারণে নৌযান চলাচলে ঝুঁকি তৈরি হওয়ায় এই বিশেষ সতর্কতামূলক নির্দেশনা দেওয়া হয়েছে। বিআইডব্লিউটিএ জানিয়েছে, এই নৌপথে চলাচলরত সব নৌযান, ফেরি ও লঞ্চকে অতি সতর্কতার সঙ্গে পরিচালনা করতে হবে। একই সঙ্গে যেসব নৌযান, ফেরি ও লঞ্চের চলার সক্ষমতা ঘণ্টায় ৭ দশমিক ২০ নটিক্যাল মাইলের কম, সেসব নৌযানকে এই নৌপথ পরিহার করে বিকল্প নৌপথে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। নৌযাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে নৌযানের মালিক, মাঝি, চালক ও অপারেটরদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিএর কর্মকর্তারা জানিয়েছেন, নেপালের বন্যার পানি ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করায় পদ্মা নদীতে পানির প্রবাহ বেড়েছে। পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেড়েছে স্রোতের তীব্রতাও। পরিস্থিতি বিবেচনায় জরুরি নৌ বিজ্ঞপ্তির অনুলিপি নৌ পুলিশ, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, নৌ শ্রমিক ফেডারেশনসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। প্রবল স্রোতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বিআইডব্লিউটিএ।