পাবনায় ১০ গ্রামের মানুষের দুর্ভোগ কমাতে জামায়াতের বাঁশের সাঁকো | ছবি: সংগৃহীত
পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের চলাচলের দুর্ভোগ কমাতে বাঁশের সাঁকো নির্মাণ করে দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার ২৪ আগস্ট দুপুরে সাদুল্লাপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে কামারডাঙ্গা, মুন্সীপাড়া, ঢালীপাড়া, চরপাড়াসহ আশপাশের প্রায় ১০ গ্রামের মানুষের চলাচলের জন্য সাঁকোটি নির্মাণ করা হয়। সাদুল্লাপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি আবু ইসহাক মাস্টারের সভাপতিত্বে এবং সেক্রেটারি মকবুল হোসাইনের সঞ্চালনায় সাঁকোটির উদ্বোধন করেন পাবনা জেলা জামায়াতের নায়েবে আমির প্রিন্সিপাল মাওলানা ইকবাল হোসাইন। উদ্বোধনকালে তিনি বলেন, মানুষের কল্যাণে কাজ করাই তাদের মূল লক্ষ্য। কৃষক ও সাধারণ মানুষের দীর্ঘদিনের চলাচলের সমস্যা বিবেচনা করেই বাঁশের সাঁকোটি নির্মাণ করা হয়েছে। ভবিষ্যতেও মানুষের প্রয়োজন ও দুর্ভোগ বিবেচনায় সাধ্যমতো পাশে থাকার কথা জানান তিনি। স্থানীয়রা জানান, বর্ষাকালে এ পথে চলাচল করতে গিয়ে কৃষক, শিক্ষার্থী, নারী, শিশু ও বয়স্কদের চরম দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে কৃষকদের জমিতে যাওয়া এবং উৎপাদিত ফসল বাড়িতে আনতে সমস্যায় পড়তে হতো। কামারডাঙ্গা গ্রামের কৃষক মোস্তফা জানান, আগের সাঁকোটি ভেঙে যাওয়ায় জমিতে যেতে অনেকটা পথ ঘুরতে হতো। নতুন সাঁকো নির্মাণ হওয়ায় এখন সরাসরি জমিতে যাওয়া এবং ফসল বাড়িতে আনা সহজ হবে। তবে স্থানীয়দের দাবি, বাঁশের সাঁকো তাদের সাময়িক স্বস্তি দিলেও স্থায়ী সমাধানের জন্য এখানে দ্রুত একটি পাকা সেতু নির্মাণ এবং প্রায় এক কিলোমিটার কাঁচা রাস্তা পাকাকরণ করতে হবে। চরপাড়ার বাসিন্দা রফিকুল ইসলাম ও স্থানীয় নারী রহিমন্নেছাও দ্রুত স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়েছেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে গণমাধ্যমে বিষয়টি উঠে এলেও এখনো স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয়নি। তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবার দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে।