প্রকাশ :: ... | ... | ...

ফেব্রুয়ারিতেই নির্বাচন, সংকল্প পুনর্ব্যক্ত করল সরকার


সংযুক্ত ছবি

জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে, এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে নিজ উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করতে বলা হয়েছে। সম্ভাব্য দ্রুততম সময়ে অন্তর্বর্তী সরকারকে ঐক্যবদ্ধ দিক-নির্দেশনা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে না পারে, তাহলে সরকার তার মতো করে সিদ্ধান্ত নেবে। সোমবার (৩ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়। পরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ‘করবী হলে’ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা তুলে ধরেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। রাজনৈতিক দলগুলোকে আলোচনার জন্য এক সপ্তাহের আল্টিমেটাম দেওয়া হয়েছে, তারা যদি আলোচনায় ব্যর্থ হয় তাহলে সরকার কী করবে, কী সিদ্ধান্ত নেবে— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, আমরা কোনো আল্টিমেটাম দিইনি, আহ্বান জানিয়েছি। আমরা অপেক্ষা করব। তারপর সরকার সরকারের মতো পদক্ষেপ নেবে। কবে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি হতে পারে— এমন প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, আমরা ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে একটু সময় দিতে চাই। আমরা একটু দেখি।