বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষে উত্তপ্ত পাবনার বেড়া | ছবি: সংগৃহীত
পাবনার বেড়া উপজেলায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দিনভর সংঘর্ষের পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সংঘর্ষ থামলেও এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোনো সময় আবারও সংঘর্ষ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে শনিবার দুপুর থেকে উপজেলার বৃশালিখা, স্যানালপাড়া ও সওদাগরপাড়া এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে আহতদের নাম-পরিচয় ও সঠিক সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সংঘর্ষের সময় দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া, ট্যাটা, বল্লম ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় পুলিশের দিকেও ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটে। বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নয়ন কুমার সরকার জানান, সংঘর্ষ কিছুটা থেমেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে সংঘর্ষে আহতদের সংখ্যা এখনো জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় বেড়া মডেল থানার সামনে বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়ায় তারা ছত্রভঙ্গ হয়ে যান। এর কিছুক্ষণ পর বৃশালিখা এলাকায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়ির সামনে থাকা খড়ের পালায় আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে দুই পক্ষের সমর্থকদের অন্তত পাঁচ থেকে সাতটি বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। এসব ঘটনার জের এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত দুই দিন ধরে বেড়া পৌর এলাকার বিভিন্ন মহল্লায় উত্তেজনা চলছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিক্ষোভ মিছিল ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফসহ প্রশাসনের কর্মকর্তা ও বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। সভা শেষে হাতিগাড়া এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণে গেলে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন বিএনপি সমর্থিত উত্তেজিত জনতা। এ সময় সংঘর্ষের ভিডিও ধারণ ও সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সংবাদকর্মী লাঞ্ছিত হন। ভাঙচুর করা হয় তাঁর ক্যামেরাও। পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ জানিয়েছেন, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।