প্রকাশ: ... | ... | ...

ভাণ্ডারিয়ায় নকল পণ্যের গোডাউনে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা ও সিলগালা


সংযুক্ত ছবি

ভাণ্ডারিয়ায় নকল পণ্যের গোডাউনে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা ও সিলগালা | ছবি: সংগৃহীত

পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌর শহরের ৭ নং ওয়ার্ডে নকল ও ভেজাল পণ্য মজুত এবং বাজারজাত করার অভিযোগে একটি গোডাউনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৩ অক্টোবর) মধ্যরাতে পরিচালিত যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল ও ভেজাল পণ্য জব্দ করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং গোডাউনটি সিলগালা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযান সূত্রে জানা যায়, পৌর শহরের ৭ নং ওয়ার্ডে অবস্থিত ‘মেসার্স রানা এন্টারপ্রাইজ’ নামের একটি গোডাউনে দীর্ঘদিন ধরে বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে নকল ও নিম্নমানের পণ্য প্যাকেটজাত করে বাজারজাত করা হচ্ছিল। অভিযানকালে ‘চাষী’ ব্র্যান্ডের চালের খালি মোড়কে সাধারণ খোলা চাল ভরে প্যাকেটজাত করার প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া নকল ঘি, মশার কয়েলসহ প্রায় ৮ থেকে ৯ ধরনের ভেজাল ও নকল পণ্য জব্দ করা হয়। ভেজাল ও নকল পণ্য বিক্রির অপরাধে এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫০ ধারা লঙ্ঘনের দায়ে ‘মেসার্স রানা এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী মো. সাইফুল ইসলাম রানাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে গোডাউনটি সিলগালা করে দেওয়া হয়। এ বিষয়ে ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসান বলেন, “অসাধু কারখানার মালিকেরা নকল ভোগ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে আসছেন। জনস্বার্থে এ ধরনের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।” ভোক্তাদের স্বার্থ রক্ষা, নিরাপদ খাদ্য ও পণ্যের মান নিশ্চিত করা এবং অসাধু ব্যবসায়ীদের অনিয়ম প্রতিরোধে প্রশাসনের এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।