ভার্জিনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারালেন সাংবাদিক ও মানবাধিকারকর্মী শরিফুর রহমান | ছবি: বাংলাদেশ যুগান্তর
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়েছেন বাংলাদেশি সাংবাদিক ও মানবাধিকারকর্মী মোহাম্মদ শরিফুর রহমান। গত ১৫ জুলাই বিকেল ৪টার দিকে ভার্জিনিয়ার একটি ভাড়া বাসায় ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের সূত্রপাত হয় ভবনের বেসমেন্ট থেকে। মুহূর্তের মধ্যেই তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বাসার বড় অংশ পুড়ে যায়। আগুনে ধ্বংস হয়েছে আসবাবপত্র, পোশাক, গুরুত্বপূর্ণ নথিপত্র, ইলেকট্রনিক সামগ্রীসহ বহু বছরের পরিশ্রমে গড়ে তোলা ব্যক্তিগত সম্পদ। তবে সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান মোহাম্মদ শরিফুর রহমান। বর্তমানে তিনি আমেরিকান রেড ক্রস ও স্থানীয় দুর্যোগ সহায়তাকারী সংস্থার সহযোগিতায় জরুরি আশ্রয় ও প্রয়োজনীয় সহায়তা নিচ্ছেন। মোহাম্মদ শরিফুর রহমান বাংলাদেশ রেসকিউ ফাউন্ডেশন বা বিআরএফ-এর প্রতিষ্ঠাতা ও ভাইস চেয়ারম্যান। দীর্ঘদিন ধরে তিনি মানবাধিকার, সমাজ উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহায়তামূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। এছাড়া তিনি ঢাকা প্রেস ক্লাবের সদস্য এবং বিভিন্ন দেশি-বিদেশি গণমাধ্যমের সঙ্গে কাজ করছেন। ঘটনার পর শরিফুর রহমান বলেন, আল্লাহর অশেষ রহমতে তিনি প্রাণে বেঁচে গেছেন। তবে বহু বছরের পরিশ্রমে সংগ্রহ করা প্রয়োজনীয় কাগজপত্র, স্মৃতি ও মূল্যবান সামগ্রী আগুনে পুড়ে গেছে। এদিকে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি নিরূপণ ও ঘটনার কারণ জানতে স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। প্রবাসী বাংলাদেশি কমিউনিটি, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাঁর প্রতি সহমর্মিতা জানানো হয়েছে।