রাজধানীতে এক রাতে তিন বাসে আগুন | ছবি: সংগৃহীত
রাজধানীতে একের পর এক বাসে অগ্নিসংযোগ, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং পুলিশের বিশেষ অভিযানে ৫২৬ জন গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে রাজধানীর পল্লবী, মহাখালী ও বাড্ডায় তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই রাতে কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত ৯টা ২৫ মিনিটের দিকে তিতুমীর কলেজের সামনে অলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক রোডে মিরপুর লিংক পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। একই সময়ে বাড্ডা লিংক রোডে বৈশাখী পরিবহনের একটি বাসেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসব ঘটনায় হতাহতের কোনো খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এদিকে রাজধানীর কৃষি মার্কেট, আসাদগেট ও তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনারের কার্যালয়সহ পাঁচটি স্থানে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা। অন্যদিকে সোমবার দুপুর থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫২৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। এ সময় বিভিন্ন থানায় ৪৫টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে সবচেয়ে বেশি ১৫০ জন মিরপুর বিভাগ থেকে। গ্রেপ্তারদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও রয়েছেন বলে জানা গেছে। এ ছাড়া যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে মোহাম্মদপুরের মোহাম্মদিয়া হাউজিং এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন। এদিকে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে আগুন দেওয়ার তথ্যও পেয়েছে পুলিশ। রাজধানীতে ধারাবাহিক অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও পুলিশের ব্যাপক অভিযানের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।