১৫ আগস্টের পোস্টার ও খাবার বিতরণকালে দুই ছাত্রলীগ কর্মী আটক | ছবি: সংগৃহীত
রাজধানীর ধানমন্ডির সায়েন্সল্যাব মোড়ে ১৫ আগস্ট উপলক্ষে পোস্টার লাগানো ও খাবার বিতরণের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২ আগস্ট) রাত ৩টার দিকে তাদের আটক করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন মেজবাউল করিম জয় (২৪) ও আসিফ আল হাবিব (তানজিল) (২৪)। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে ১৫ আগস্ট উপলক্ষে পোস্টার লাগানো ও খাবার বিতরণ করছিলেন ওই দুই ব্যক্তি। বিষয়টি জানতে পেরে নিউমার্কেট থানা যুবদলের সদস্যসচিব কে এম চঞ্চলের নেতৃত্বে কয়েকজন তাদের ধাওয়া করেন। একপর্যায়ে পান্থপথ মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে স্থানীয় বাসিন্দা ও কলাবাগান থানা পুলিশের সহযোগিতায় তাদের নিউমার্কেট থানায় হস্তান্তর করা হয়। নিউমার্কেট থানা সূত্র জানায়, গ্রেফতার দুজন জুলাই আন্দোলনসংক্রান্ত একটি হত্যা মামলার আসামি। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। নিউমার্কেট থানার ডিউটি অফিসার এসআই সজীব বিষয়টি নিশ্চিত করে বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনার সময় স্থানীয় জনগণ ও কলাবাগান থানা পুলিশের সহযোগিতায় দুজনকে আটক করে থানায় আনা হয়। তারা জুলাই আন্দোলনের হত্যা মামলার আসামি হওয়ায় ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।