শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত ও তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বগুড়ার ধুনট উপজেলায় সফরে যাচ্ছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার ১২ সেপ্টেম্বর সকালে ধুনটে পৌঁছানোর কথা রয়েছে জামায়াত আমিরের। দলীয় সূত্র জানিয়েছে, সকাল ৬টার দিকে তিনি ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের মানিকপোটল গ্রামে যাবেন। সেখানে পারিবারিক কবরস্থানে সমাহিত শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত করবেন তিনি। একই সঙ্গে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন জামায়াত আমির। দলীয় সূত্র জানায়, শেরপুর উপজেলা থেকে সরাসরি ধুনট হয়ে মানিকপোটল গ্রামে যাবেন ডা. শফিকুর রহমান।
শহীদ আব্দুল মালেক ১৯৬৯ সালের ১৫ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ইসলামী ছাত্র আন্দোলনে শহীদ হন। সে সময় তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রসংঘের সভাপতি ছিলেন। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই জামায়াত আমিরের এই সফর বলে জানিয়েছে দলটি। এদিকে সফরকে কেন্দ্র করে এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে স্থানীয় জামায়াতে ইসলামী। বুধবার সকালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন শহীদ আব্দুল মালেকের কবরস্থান পরিদর্শন করেন।
এ সময় বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আব্দুল বাসেদ, ধুনট উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম, উপজেলা ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জামায়াত নেতারা জানিয়েছেন, ডা. শফিকুর রহমানের কবর জিয়ারত কর্মসূচি সফল করতে স্থানীয় পর্যায়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। সব মিলিয়ে শহীদ আব্দুল মালেকের স্মৃতিবিজড়িত মানিকপোটল গ্রামে জামায়াত আমিরের এই সফরকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি দেখা যাচ্ছে।