নেত্রকোণার মদন উপজেলায় ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হওয়া ১২ বছর বয়সী এক শিশুর কন্যাসন্তান জন্ম হয়েছে। আদালতের নির্দেশে নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ—সিআইডি।
বর্তমানে শিশুটি ও তার নবজাতক সিলেটের একটি সেফহোমে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা জানান, গত ২৮ জুলাই সিলেটের সেফহোম থেকে সিআইডির একটি দল নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ করে। এর আগে গত ১৭ মে মামলার প্রধান অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরের ডিএনএ নমুনাও সংগ্রহ করা হয়েছিল।
সিআইডির ডিএনএ পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া এবং আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে বলে জানিয়েছে পুলিশ। সিলেটের সিভিল সার্জন কার্যালয় জানায়, গত ২ জুলাই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির স্বাভাবিক প্রসব হয়। কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর মা ও নবজাতককে সেফহোমে নেওয়া হয়।
চিকিৎসকদের মতে, এত কম বয়সে সন্তান জন্ম দেওয়া উচ্চ ঝুঁকিপূর্ণ। তাই মা ও নবজাতকের স্বাস্থ্য নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছে।