ফরিদপুর কোতোয়ালি থেকে মুক্তিপণ দাবিতে শিকলবন্দি তরুণ উদ্ধার, আটক ৩ অপহরণকারী | ছবি: বাংলাদেশ যুগান্তর
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) একটি সফল অভিযানে ফরিদপুর কোতোয়ালি থানার চরকমলাপুর এলাকা থেকে মুক্তিপণ দাবিতে অপহৃত এক তরুণকে শিকলবন্দি অবস্থা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অপহরণকারী চক্রের মূলহোতাসহ ৩ সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। রবিবার বিকেলে কেরানীগঞ্জে র্যাব-১০ এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, ভিকটিম নিলয় শিকদারকে (৩৫) বিদেশে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে গত ৬ আগস্ট অপহরণ করা হয়। পরবর্তীতে অপহরণকারীরা তার পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং হত্যার হুমকি দেয়। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন বিকাশ নম্বরে ৪ লাখ ৫১ হাজার টাকা মুক্তি দেওয়ার পরও তাকে ছেড়ে দেওয়া হয়নি। উল্টো আরও ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তাকে ফরিদপুরের কোতোয়ালি থানার চরকমলাপুর এলাকার একটি আবাসিক ভবনের কক্ষে পায়ে শিকল পরিয়ে তালাবদ্ধ করে রাখা হয়। অভিযান পরিচালনাকারী র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ আগস্ট (শনিবার) রাতে সেখানে অভিযান চালিয়ে শিকলবন্দি অবস্থায় ভিকটিমকে অক্ষত উদ্ধার করা হয় এবং চক্রের তিন সদস্যকে আটক করা হয়। আটককৃতরা হলেন—মূলহোতা মো. ফেরদৌস উর রহমান (৪২), মহুয়া আহমেদ (৩২) এবং এস এম মনোয়ার (৩৬)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, নির্যাতনের সময় যাতে চিৎকার বাইরে শুনতে না পাওয়া যায়, সেজন্য তারা প্রতি রাতে উচ্চ শব্দে সাউন্ডবক্স বাজাতো এবং দিনে মাত্র একবেলা খাবার দিত। উদ্ধার হওয়া তরুণকে তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।