প্রকাশ: ... | ... | ...

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি সম্মাননা পাচ্ছেন তিন কৃতী লেখক


সংযুক্ত ছবি

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি সম্মাননা পাচ্ছেন তিন কৃতী লেখক | ছবি: সংগৃহীত

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি সম্মাননা ২০২৬ পাচ্ছেন দেশের তিন কৃতী লেখক। তারা হলেন শিশুসাহিত্যিক দিলারা মেসবাহ, দীপংকর চক্রবর্তী ও ওবায়দুল সমীর। বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির জুরি বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একাডেমির পরিচালক রাশেদ রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দেশের বিশিষ্ট লেখক ও শিশুসাহিত্য সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, শিশুসাহিত্য উৎসবের ধারাবাহিক আয়োজন এবারও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। আগামী ৩০ ও ৩১ অক্টোবর দুই দিনব্যাপী চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে বসবে ‘শিশুসাহিত্য উৎসব ২০২৬’। আয়োজকদের প্রত্যাশা, এবারের উৎসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় তিনশ লেখক অংশ নেবেন। উৎসবকে ঘিরে শিশু-কিশোরদের সাহিত্যচর্চা, সৃজনশীলতা এবং নতুন প্রজন্মের সঙ্গে লেখকদের যোগাযোগ আরও বাড়বে বলে মনে করছেন আয়োজকেরা। শিশুসাহিত্য উৎসব ২০২৬-এর মঞ্চেই তিন কৃতী লেখকের হাতে বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি সম্মাননা তুলে দেওয়া হবে। সম্মাননা হিসেবে তারা পাবেন স্মারক, উত্তরীয়, উপহার এবং সম্মানী। আয়োজকেরা বলছেন, শিশুদের জন্য সাহিত্য রচনা এবং শিশুসাহিত্যের বিকাশে অবদান রাখা লেখকদের স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে এই সম্মাননা দেশের শিশুসাহিত্য অঙ্গনকে আরও সমৃদ্ধ করবে।