অক্টোবরে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে ৯.৮৯ শতাংশ | ছবি: Collected
দেশে সার্বিক মূল্যস্ফীতি সামান্য কমেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবর মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে সাধারণ মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ২৭ শতাংশে। এর আগের মাস সেপ্টেম্বরে এ হার ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। সোমবার প্রকাশিত বিবিএসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে কমেছে। এ মাসে খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৬ দশমিক ৪০ শতাংশে, যা সেপ্টেম্বরে ছিল ৭ দশমিক ২২ শতাংশ। অর্থাৎ এক মাসের ব্যবধানে খাদ্য মূল্যস্ফীতি কমেছে শূন্য দশমিক ৮২ শতাংশ পয়েন্ট। তবে খাদ্যবহির্ভূত খাতে বেড়েছে মূল্যস্ফীতি। অক্টোবরে এ খাতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ৮৯ শতাংশে। সেপ্টেম্বরে যা ছিল ৯ দশমিক ৩০ শতাংশ। অর্থাৎ এক মাসে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়েছে শূন্য দশমিক ৫৯ শতাংশ পয়েন্ট। গ্রাম ও শহর উভয় অঞ্চলেই খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমেছে। অক্টোবরে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৯ শতাংশ, যা সেপ্টেম্বরে ছিল ৮ দশমিক ৩৮ শতাংশ। অন্যদিকে শহরাঞ্চলে এ হার কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ২৫ শতাংশে। আগের মাসে যা ছিল ৮ দশমিক ২৬ শতাংশ। তবে শহরাঞ্চলে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৪৮ শতাংশ হয়েছে। সেপ্টেম্বরে এ হার ছিল ৮ দশমিক ৯৪ শতাংশ। এদিকে দীর্ঘমেয়াদি হিসাবেও মূল্যস্ফীতি কমার চিত্র দেখা গেছে। গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত ১২ মাসের গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৬৬ শতাংশে। আগের ১২ মাসে এ হার ছিল ৯ দশমিক ২২ শতাংশ। তবে মূল্যস্ফীতির তুলনায় মানুষের আয় বাড়ছে কম হারে। অক্টোবরে মজুরি বৃদ্ধির হার কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ৬৩ শতাংশে। সেপ্টেম্বরে যা ছিল ৭ দশমিক ৯০ শতাংশ। অর্থাৎ সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমলেও মানুষের প্রকৃত ক্রয়ক্ষমতার ওপর চাপ এখনো রয়ে গেছে।