রাজধানীতে কাঁচামরিচের ঝাল, কেজি ৪০০ টাকা | ছবি: সংগৃহীত
রাজধানীর কাঁচাবাজারে আবারও বেড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। সবচেয়ে বেশি আলোচনায় কাঁচামরিচ, যার দাম এক সপ্তাহের ব্যবধানে কেজিতে প্রায় ১০০ টাকা বেড়ে পৌঁছেছে ৪০০ টাকায়। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, কাঁচামরিচের পাশাপাশি অধিকাংশ শাক-সবজির দামও ঊর্ধ্বমুখী। এতে বাড়তি চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা। বিক্রেতাদের দাবি, টানা বৃষ্টি, দেশের বিভিন্ন এলাকায় বন্যা এবং কৃষিপণ্য সরবরাহে বিঘ্নের কারণে পাইকারি বাজারেই দাম বেড়েছে। সেই প্রভাব পড়েছে খুচরা বাজারেও। বর্তমানে লম্বা বেগুন কেজি ১২০ থেকে ১৫০ টাকা, গোল বেগুন ১৮০ টাকা, করলা ১২০ থেকে ১৪০ টাকা, বরবটি ১১০ থেকে ১৩০ টাকা এবং চিচিঙ্গা ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। কচুরমুখির দাম ৮০ থেকে ১০০ টাকা। তবে ধুন্দল ও পটোলের দাম কিছুটা কমে ৬০ থেকে ৮০ টাকায় নেমেছে। বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে অনেক এলাকার সবজিক্ষেত পানির নিচে চলে গেছে। ফলে উৎপাদন ও সরবরাহ কমে যাওয়ায় বাজারে দাম বাড়ছে। ক্রেতাদের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সংসারের খরচ সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। তারা বাজারে কার্যকর নজরদারি ও মূল্য নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।