প্রকাশ: ... | ... | ...

ইউএনজিএ সফর শেষে ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমান


সংযুক্ত ছবি

ইউএনজিএ সফর শেষে ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমান | ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার ২৭ সেপ্টেম্বর সকাল ৮টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮২ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আবদুল মঈন খান। এর আগে গত ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে এটি ছিল তাঁর প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের বিশ্বমঞ্চে দাঁড়িয়ে বাংলায় ভাষণ দেন প্রধানমন্ত্রী। ভাষণে তিনি বিশ্বশান্তি বহুপাক্ষিকতা রোহিঙ্গা সংকট ফিলিস্তিন ইস্যু জলবায়ু ন্যায়বিচার বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা নারীর ক্ষমতায়ন শিক্ষা স্বাস্থ্য প্রযুক্তি এবং তরুণদের সম্ভাবনাসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকার তুলে ধরেন। ভাষণে প্রধানমন্ত্রী বলেন দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসন ও শোষণের অবসান ঘটিয়ে বাংলাদেশ পুনরায় গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। ক্ষতবিক্ষত বাংলাদেশকে পুনর্গঠনে সরকার রিকভারি রেস্টোরেশন এবং রিকনস্ট্রাকশন অর্থাৎ থ্রি-আর কৌশল অনুসরণ করছে বলেও জানান তিনি। জাতিসংঘ অধিবেশনের ফাঁকে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এসব বৈঠকে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও অগ্রাধিকারের পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার বাণিজ্য ও বিনিয়োগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান জলবায়ু ন্যায়বিচার জনস্বাস্থ্য এবং উন্নয়ন সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সফরকালে জলবায়ু পরিবর্তন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোহিঙ্গা সংকট এবং মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা নিয়ে বিভিন্ন উচ্চপর্যায়ের অনুষ্ঠানেও অংশ নেন প্রধানমন্ত্রী। এদিকে প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও সফরে আটটি উচ্চপর্যায়ের কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে চারটি অনুষ্ঠানে তিনি বক্তব্য দেন। জাতিসংঘ সাধারণ পরিষদের প্ল্যাটফর্ম অব উইমেন লিডার্স ফার্স্ট স্পাউসেস ডায়ালগ এবং মাতৃ ও শিশু স্বাস্থ্য ও মিডওয়াইফারি বিষয়ক উচ্চপর্যায়ের অনুষ্ঠান ছিল এর মধ্যে উল্লেখযোগ্য। জাতিসংঘ সফর শেষে দেশে ফেরার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের আনুষ্ঠানিক পর্ব শেষ হলো।