চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান | ছবি: সংগৃহীত
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চলতি মাসের শেষ দিকে চার দিনের সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর জাপান সফরকে সামনে রেখে প্রস্তুতি চলছে। তবে ঠিক কবে তিনি ঢাকা ছাড়বেন তা এখনো চূড়ান্তভাবে জানানো হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ২৬ অক্টোবর জাপানের উদ্দেশে ঢাকা ছাড়তে পারেন প্রধানমন্ত্রী। এর আগে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ জানান। গত ১২ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ও জাপানের সপ্তম পররাষ্ট্র দপ্তর পরামর্শ সভায় এ আমন্ত্রণ জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দ্বিপক্ষীয় আলোচনার সময় জাপানের জ্যেষ্ঠ উপপররাষ্ট্রমন্ত্রী হিরোয়ুকি নামাজু জাপানের প্রধানমন্ত্রীর এই আমন্ত্রণ বাংলাদেশের কাছে পৌঁছে দেন। একই সঙ্গে তিনি ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকেও জাপান সফরের আমন্ত্রণ জানান। জাপানের আমন্ত্রণের জবাবে বাংলাদেশও দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছে। এর আগে দুই দেশের কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সম্ভাব্য টোকিও সফরের প্রস্তুতি নিয়ে আলোচনা শুরু করেন। সাম্প্রতিক আলোচনায় অক্টোবরের শেষ সপ্তাহকে সম্ভাব্য সময় হিসেবে বিবেচনা করা হচ্ছিল। প্রধানমন্ত্রীর এই সফরে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। বিশেষ করে বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, জ্বালানি, বাণিজ্য ও জনশক্তি সহযোগিতার মতো বিষয়গুলো গুরুত্ব পেতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। তবে সফরের পূর্ণাঙ্গ কর্মসূচি ও আলোচ্যসূচি চূড়ান্ত হওয়ার বিষয়টি এখনো প্রক্রিয়াধীন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে, জাপানের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সফরের আমন্ত্রণ জানানো হয়েছে এবং বাংলাদেশও জাপানের প্রধানমন্ত্রীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছে।