বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, দুপুর ২টা থেকে ভোট | ছবি: সংগৃহীত
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (২০ আগস্ট)। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে ভোট দেবেন সংসদ সদস্যরা। নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানিয়েছেন, দুপুর ১২টা থেকে সোয়া ১২টার মধ্যে ব্যালট পেপারসহ সব ধরনের নির্বাচনী উপকরণ নিয়ে সংসদে পৌঁছাবেন ইসির সহায়ক কর্মকর্তারা। বুধবার তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্বে ২০ জন সহায়ক কর্মকর্তা থাকবেন। প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দিন কিছুটা পরে সংসদে পৌঁছাবেন। এরপর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে দুপুর ২টায় ভোটগ্রহণ শুরু হবে। ভোটগ্রহণ শেষ হবে বিকেল ৫টায়। এরপর সংসদেই ভোট গণনা করা হবে এবং নির্বাচনী কর্তা চূড়ান্ত ফলাফল ঘোষণা করবেন। পরবর্তী সময়ে নির্বাচন কমিশনে গিয়ে ফলাফলের গেজেট প্রকাশ করা হবে। এর আগে ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এরপর রাষ্ট্রপতি পদ শূন্য হওয়ায় ৬ আগস্ট নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে বিএনপি ও সমমনা দলগুলোর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোটেই নির্বাচিত হবেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি।