নিরাপদ খাদ্য আইনে মতিঝিলের হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা | ছবি: সংগৃহীত
রাজধানীর মতিঝিলের হিরাঝিল হোটেলে নোংরা ও স্যাঁতসেঁতে রান্নাঘর ঢাকনাহীন ময়লার পাত্র এবং লেবেলবিহীন ঘি সংরক্ষণ ও ব্যবহারের অভিযোগে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপ। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, অভিযানকালে হিরাঝিল হোটেলের রান্নাঘরের পরিবেশ অত্যন্ত নোংরা ও অপরিষ্কার পাওয়া যায়। রান্নাঘরের মেঝে ছিল নোংরা ও স্যাঁতসেঁতে। সেখানে ঢাকনাহীন অবস্থায় ময়লার পাত্র রাখা ছিল। এ ছাড়া হোটেলে কোনো ধরনের লেবেল ছাড়াই ঘি সংরক্ষণ ও ব্যবহার করতে দেখা যায়। খাদ্যকর্মীদেরও প্রয়োজনীয় স্বাস্থ্য উপকরণ ব্যবহার করতে দেখা যায়নি। অভিযানকালে হোটেল কর্তৃপক্ষ পানি পরীক্ষার সনদ এবং পেস্ট কন্ট্রোলের প্রয়োজনীয় প্রমাণকও দেখাতে পারেনি। এসব অনিয়মের বিষয়ে কর্তৃপক্ষ দোষ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী হোটেলটিকে ৩ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা মেহরিন যারীন তাসনিম, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূইয়া, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং ব্যাটালিয়ন আনসার সদস্যদের একটি দল উপস্থিত ছিল। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন হোটেল ও খাবারের প্রতিষ্ঠানে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।