তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান | ছবি: সংগৃহীত
‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বুধবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইস্তাম্বুলের উদ্দেশে রওনা হন তিনি। এ সময় তাকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন। ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে শফিকুর রহমানের। সম্মেলনটি ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় এবং সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। ‘বাংলাদেশ ২.০-এর সংস্কারের বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি এবং তুরস্ক–বাংলাদেশের সহযোগিতার নতুন দিগন্ত’ প্রতিপাদ্যে আয়োজিত এই সম্মেলনে বাংলাদেশ ও তুরস্কসহ বিভিন্ন দেশের শিক্ষাবিদ নীতিনির্ধারক কূটনীতিক গবেষক এবং বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা রয়েছে। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, তুরস্কে সম্মেলনে অংশগ্রহণ শেষে শফিকুর রহমান সৌদি আরবে যাবেন এবং পবিত্র ওমরাহ পালন করবেন। এরপর আগামী ১১ অক্টোবর সকালে তার দেশে ফেরার কথা রয়েছে।